স্পোর্টস ডেস্ক : বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল। ১২ বলে অর্ধশতক করে টি-টোয়েন্টিতে এখন দ্রুততম অর্ধশতকের রেকর্ডের অংশীদার গেইল।
সোমবার বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেইডসের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে এ রেকর্ড করেন গেইল। এর আগে ১২ বলে অর্ধশতক করে রেকর্ড গড়েছিলেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের যুবরাজ সিং ১২ বলে অর্ধশতক করে এই রেকর্ড গড়েন। ইংলিশদের বিপক্ষে সেই ইনিংসে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন যুবরাজ।
তবে সোমবার মেলবোর্নের ডকল্যান্ডসে গেইল এক ওভারে ছয় ছক্কা মারতে না পারলে তার ইনিংসে ছিল ছক্কার ঝড়। সাত ছয় আর এক চার মেরে এ রেকর্ড গড়েন গেইল।
ব্যাটিংয়ে নেমে প্রথম বলে নেন দুই রান। এর পর ডট বল। শেষ চার বলে পেসার গ্রেগ ওয়েস্টকে মেরেছেন টানা চারটি ছয়। বেন লফলিনের করা ইনিংসের তৃতীয় ওভারে মারেন দুটি ছক্কা, এক চার। গেইলের রান তখন ১০ বলে ৪৪। পরের বলে ছয় মেরে ভেঙেই দিতে পারতেন যুবরাজের রেকর্ড। কিন্তু লফলিনের দারুণ ইয়র্কারে এক রানের বেশি নিতে পারেননি। তবে রেকর্ড স্পর্শ করেছেন পরের ওভারের প্রথম বলেই।
ট্রাভিস হেডের বলে আকাশে ক্যাচ তুলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে গেইলের সংগ্রহ ছিল ১৭ বলে ৫৬ রান করে।
টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গেইলের। ২০১৩ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়ার্সের বিপক্ষে তিন ৩০ বলে শতক করেছিলেন গেইল। সূত্র:ক্রিকইনফো
