সিটিনিউজবিডি : নওগাঁর বদলগাছীতে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন অসুস্থ অবস্থায় রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন: বদলগাছী উপজেলার এনাতেপুর গ্রামের সোলায়মান আলী, নওগাঁ সদর উপজেলার নূরপুর গ্রামের হোসেন আলী ও আব্দুল মজিদ। বদলগাছী থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার এনাতেপুর গ্রামে শুক্রবার রাতে ৮ জন মিলে বনভোজনের আয়োজন করেন। খাওয়া শেষে মদপান করে সবাই অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে নওগাঁ সদর, রাজশাহী, বগুড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। আজ শনিবার ভোর রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোলায়মান আলী এবং রাজশাহীতে হোসেন আলী ও আব্দুল মজিদ মারা যান।
আর অসুস্থদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকেও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
