সিটিনিউজবিডি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম ও পরিচয় ব্যবহার করে ভূয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, এ ব্যাপারে ২০ জানুয়ারি কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভূয়া ফেসবুক আইডি ব্যববহার করে আমার নামে প্রতারণা করা হচ্ছে। অ্যকাউন্ট থেকে প্রবাসীদের কাছে বিভিন্নভাবে অর্থ চাওয়া হচ্ছে।
তিনি বলেন, অবৈধভাবে আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে এটি দিয়ে বিদেশে বসবাসকারীদের কাছে চাঁদা চাওয়া হচ্ছে। আমাকে প্রযুক্তিগতভাবে যে কেউ হয়রানি করতে পারে এ ব্যাপারে আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমে সহযোগিতা চাই।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সম্প্রতি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ব্রিটেনে বসবাসরত ফজলুর রহমান ও জাপানে বসবাসরত আকবর হোসেনের কাছে টাক চাওয়া হয়েছে। তারাই আমাকে বিষয়টি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক সাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
