সিটিনিউজবিডি : গাজীপুরের পুবাইলে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকালের এ ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
রোববার ভোর ৬টায় তিনি মারা যান। মৃত ব্যক্তির নাম আব্দুল কাদের (৬৫)। তার শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল।
তার সহকর্মী বাহার উদ্দিন জানান, আব্দুল কাদেরের বাড়ি বরিশালের পাতার হাট উপজেলার কাদিরাবাদে। তার বাবার নাম আইয়ুব আলী মুনসি। তিনি গাজীপুরের মীরের বাগ কলেজ গেট এলাকার টায়ার ফ্যাক্টরিতে দীর্ঘদিন কাজ করছিলেন।
শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে টায়ার কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ করেই বয়লারের বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে যায় কারাখানাটিতে। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই নারীসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত ও দগ্ধ হয় আরো অন্তত ১০ জন। এছাড়া ঘটনার সময় কারাখানার শ্রমিক কর্মকর্তারা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করেন। এতেও আহত হন অনেকেই। স্থানীয়রা এসে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করান। সন্ধ্যা ৬টার দিকে কারাখানার আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। দুজনের শরীরই ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এরমধ্যে আব্দুল কাদের মারা গেলেন। কামাল (৫০) নামে আর একজনের অবস্থাও আশঙ্কাজনক।
