সিটিনিউজবিডি : চিকিৎসার উদ্দেশ্যে আবারো সিঙ্গাপুর গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ মিনিটে তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার স্ত্রী রাহাত আরা সঙ্গে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মির্জা ফখরুল আরো দুই দফা বিদেশে গিয়েছিলেন চিকিৎসা করাতে। গত বছরের ১৭ অক্টোবর সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে যান ফখরুল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান এবং স্বাস্থ্য পরীক্ষা করান।
মস্তিষ্কের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ায় তার চিকিৎসা নিতে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের দেখিয়ে কোরবানির ঈদের আগে গত ২১ সেপ্টেম্বর দেশে ফিরেছিলেন ফখরুল।
দুটি ব্লক থাকলেও রক্ত সঞ্চালন মোটামুটি অব্যাহত থাকায় এবং ধকল সামলানোর মতো শারীরিক অবস্থা না থাকায় অস্ত্রোপচার না করার পক্ষে মত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা।
২০১৫ সালের শুরুতে গ্রেপ্তার হয়ে নাশকতার কয়েকটি মামলায় প্রায় সাত মাস কারাগারে ছিলেন বিএনপির মুখপাত্র। অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বোচ্চ আদালত জামিন দিলে গত বছরের জুলাই মাসে ছাড়া পান তিনি।
এরপর ২৭ জুলাই তিনি সিঙ্গাপুরে যান, সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পরে সিঙ্গাপুর হয়ে দেশে ফেরেন তিনি।
