এসএসসিতে বেড়েছে ছাত্রীর সংখ্যা

0

শিক্ষাঙ্গণ: গতবছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র বেশি থাকলেও শুধু এসএসসিতে সংখ্যার দিক থেকে এগিয়ে ছাত্রীরা। এবছর গতবারের তুলনায় ছাত্রদের চেয়ে ১৯ হাজার ২৬০ জন বেশি ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে, যা শুরু হচ্ছে আগামী সোমবার।

শনিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, এবার মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে আট লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং আট লাখ আট হাজার ৫৯০ জন ছাত্রী।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৩ লাখ চার হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

এর মধ্যে শুধু এসএসসিতে ছয় লাখ ৪২ হাজার ৫০৭ জন ছাত্রের বিপরীতে ছাত্রী ছয় লাখ ৬১ হাজার ৭৬৭ জন। অর্থাৎ ছাত্রী ১৯ হাজার ২৬০ জন বেশি।

মোট পরীক্ষার্থীর হিসাবেও গতবারের তুলনায় এবার ছাত্রী বেড়েছে। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন অংশ নিয়েছিল।এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র বেড়েছে ৭৯ হাজার ৫৯৪ জন আর ছাত্রী বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন।

এবার বিদেশের আটটি কেন্দ্রে এবার পরীক্ষায় বসবেন ৪০৪ জন শিক্ষার্থী, এর মধ্যে ২০১ জন ছাত্র এবং ২০৩ জন ছাত্রী।

শিক্ষামন্ত্রী জানান, এবার প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে, দুই পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে।

১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত হবে তত্ত্বীয় পরীক্ষা। আর ব্যবহারিক পরীক্ষা হবে ৯ থেকে ১৪ মার্চ। এবার ২৮ হাজার ১১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন হাজার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। এবার বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।গত বছর চালু হওয়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা বিষয়েও এবার সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.