নু ক্যাম্পে রেগে আগুন কোচ এনরিক

0

খেলাধুলা: মুহূর্তে জ্বলে উঠল নু ক্যাম্প। ৯৫ হাজার দর্শকের হতাশা আর হাহাকার। রেগে আগুন বার্সেলোনার কোচ লুই এনরিক। ডাগ আউটে অন্যরাও ক্ষুব্ধ। এভাবে কেউ চ্যালেঞ্জ করে! লিওনেল মেসির কিছু হলো না তো! আতলেতিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফিলিপ লুইস বুট দিয়ে চার্জ করেছিলেন মেসির বাঁ হাঁটুতে। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন ফিলিপকে। মেসিও উঠে দাঁড়িয়েছেন কিছুক্ষণের মধ্যে। স্বস্তি এসেছে নু ক্যাম্পে। কিন্তু ম্যাচ শেষেও ক্ষোভে জ্বলছিলেন এনরিক।

নিজেদের মাঠে স্প্যানিশ লিগের ম্যাচে আতলেতিকোর সাথে খেলছিল বার্সা। ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে যায় অতিথিরা। কিন্তু খেলার আধঘণ্টা পর আট মিনিটের মধ্যে মেসি ও লুই সুয়ারেসের দুই গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় বার্সা। আর বিরতির ঠিক আগেই ফিলিপ চার্জ করেন বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় মেসিকে।

দলের সেরা সম্পদের ওপর এমন আঘাত মানতে পারেননি কোচ এনরিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভটা ঝাড়লেন, “আমার প্রতিক্রিয়া দেখেছেন আপনারা? তাহলে আপনারা কল্পনা করতে পারেন আমি কি ভাবছিলাম। এটা আমাকে বিস্ময়াহত করেছে। এর বেশি কিছু বলতে চাচ্ছি না।”

ম্যাচটা ২-১ গোলে হেরেছে আতলেতিকো। শিরোপা ধরে রাখার দিকে আরো এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানেই থেকে গেছে আতলেতিকো। তবে আতলেতিকোর আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে ফিলিপের করা ফাউলকে খুব বড় করে দেখতে রাজি নন। তার দাবি, মাঠেই মিটে গেছে সব। ফিলিপকে দোষও দিচ্ছেন না তিনি। সিমিওনের ভাষ্য, “এটা খেলার মধ্যের একটি আকস্মিক ঘটনা। রেফারি তার ভূমিকা পালন করেছেন।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.