বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের তালিকা করবে: নজরুল

0

সিটিনিউজবিডি : বিএনপি ক্ষমতায় গেলে মহান মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার প্রতিবাদে রোববার দুপুরে রাজধানী নয়াপল্টনের ভাসানী ভবনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল এর আয়োজন করে।

নজরুল ইসলাম বলেন, ‘শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক ও মতবিরোধ রয়েছে এটা তো মিথ্যা না। শহীদদের সংখ্যা নিয়ে আমরা কেনো অনিশ্চয়তার মধ্যে থাকব? কেনো আমরা নিশ্চিত হতে পারব না? শহীদদের তালিকা তৈরি করা দরকার। বিএনপি ক্ষমতায় গেলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবে।’

মুক্তিযোদ্ধারা সরকারি সুযোগ-সুবিধা পেলেও শহীদদের পরিবারগুলোর কোনো প্রাপ্তি নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের ছেলেমেয়েদের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে, এটি খুশির কথা। কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের লোকজনের কি কিছু প্রাপ্য নেই? কেনো তাদের পরিবার এইসব সুযোগ-সুবিধা পাবে না? তাদের নাম ইতিহাসে লিপিবদ্ধ হবে না?

শহীদদের মূল্যায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য দেশ স্বাধীনের পর এ পর্যন্ত ক্ষমতায় আসা সব রাজনৈতিক দলকেই দায়ী করেন নজরুল ইসলাম।

তিনি বলেন, “শহীদদের প্রতি এতদিন রাষ্ট্রের যে দায়িত্ব ছিল কেউই সে দায়িত্ব পালন করেনি। এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য খালেদা জিয়া উল্লেখ্ করেছেন মাত্র। কিন্তু সরকার সে দায়িত্ব পালন না করে তার নামে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে নিশ্চয়ই এ অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে”

শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কের কারণে তাদের অশ্রদ্ধা ও অসম্মান করা হচ্ছে-বিষয়টি সঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, ‘যারা মাতৃভূমির জন্য রক্ত দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন; তাদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হোক।’

অবসরের পর রায় লেখা সংবিধান পরিপন্থি বলে প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্যের পর সরকারের ভিত কেঁপে ওঠেছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম।

তিনি বলেন, জনগণ যখন কোনো ইস্যুতে আন্দোলন শুরু করে, তখন সরকার অন্য একটি ইস্যু সামনে নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় খালেদা জিয়ার নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়েছে।

কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ত্রান ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের সহ সভাপতি নাজিম উদ্দীন মাস্টারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.