ঢাকা অফিস : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশের কারাগারগুলোতে ৩৪ হাজার ৭৯৬ জন ধারণ ক্ষমতার মধ্যে বন্দি আছে প্রায় ৬৯ হাজার ৭৭৪ জন। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ বন্দি কারাগারে রাখা হয়েছে। বন্দি ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিত।
সংসদে প্রশ্নোত্তরে মঙ্গলবার সাইমুম সরওয়ার কমলের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সর্বশেষ তথ্য অনুসারে গত ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি আছে। বর্তমানে কারাগারসমূহের বন্দি ধারণের ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন। পীর ফজলুর রহমানের এক সম্পূকর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধরনের বড় অনুষ্ঠানের আগে আমরা আইন শৃঙ্খলা বিষযক উচ্চ পর্যায়ের বৈঠক করে থাকি। বইমেলা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা বসেছি। সেখানে আমাদের ডিএমপি, গোয়েন্দা বাহিনীও ছিল। এছাড়া আমরা মেলা উপলক্ষে প্রয়োজনীয় সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। মোটকথা বইমেলা উপলক্ষে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে এসব বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গোপসাগরের বিশাল সমুদ্র এলাকায় নিরাপত্তা বিধানের জন্য আমাদের কোস্টগার্ডের জলযান ও লোকবলের স্বল্পতা রয়েছে। যার ফলে বঙ্গোপসাগরে জেলে, মাঝি-মাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
