জামাল জাহেদ, কক্সবাজারঃ অপরাধের ক্রাইমজোন খ্যাত মহেশখালী উপজেলার বড় মহেশখালীর ফকিরাঘোনায় গতকাল দফায় দফায় অস্ত্রের মহড়া ও নির্বিচারে গুলি বর্ষণ করেছে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। এলাকার তলিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল হক এর নেতৃত্বে পরিচালিত এই গুলিবর্ষণের ঘটনায় ৩ পথচারি আহত হয়েছে। এসময় সন্ত্রাসীদের ছোড়া মুর্হূমুহু ফাঁকা গুলিতে সমগ্র এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এর আগের দিন সন্ত্রাসীরা একটি বাড়ি ভাংচূর করে লুটপাট চালায়।
গুলি বর্ষণ ও হামলায় আহত হয় আরো ৩ জন। এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার নিরীহ বাসিন্দারা।সূত্রের লিখিত অভিযোগ থেকে জানাযায়, বড় মহেশখালীর জনৈক নিরীহ লবণ চাষী রিদোয়ানের ঘোনায় একদল সন্ত্রাসী চাঁদার দাবীতে দফায় দফায় অস্ত্রের মহড়া চালিয়ে চাষিদেরকে হুমকী দিয়ে আসছিল।
গতকাল ফকিরাঘোনা এলাকার তলিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরুল হক, মনিরুজ্জামন ও হোছনের নেতৃত্বে ২০-২৫ জনের একদল বন্দুকধারী লোক দুপুরের দিকে লবণ প্রজেক্ট এলাকায় মহড়া চালিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা লোকালয়ে এসে রিদোয়ান ও তাদের আত্মিয় স্বজনের বাড়ি লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এসময় বাড়ির বিভিন্ন জিনিসপত্র লুটপাট ও ভাংচূর চালায় বলে সূত্রের অভিযোগ। দুপুরের পর থেকে ধারাবাহিক ভাবে শত শত রাউন্ড গুলি বর্ষণ করে তারা। এসময় সন্ত্রাসীদের বর্ষণ করা এলোপাথাড়ি গুলিতে ২ নিরীহ পথচারী আহত হয়েছে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন ঐ এলাকার ছৈয়দুল করিম(২০) ও হাবিবুর রহমান (২২)। আহতদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লবণ মাঠ থেকে ফেরার পথে তারা গুলিবিদ্ধ হয় বলে সূত্র জানায়। তা-ব চালিয়ে সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকলে গুলির শব্দে সমগ্র এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সাধারণ লোকজন সন্ত্রাসীদের ভয়ে দিকবেদিক ছুটতে থাকে। আগের দিন একই কায়দায় হামলার ঘটনায় সোলতান আহমদ, জেবল হোসেন ও মোজাম্মেল আহত হয়। মোবাইলসহ নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
লবণ প্রজেক্ট গিয়ে মাঠের পলিথিন নষ্ট করে উৎপাদিত লবণ তচনছ করে ব্যাপক ক্ষতি সাধন করে। স্থানীয় বাসিন্দারা জানান বর্তমানে সন্ত্রাসীদের কারণে তারা আতংকের মধ্যে রয়েছে। বিগত সময় র্যাবের কাছে রাইফেল বিক্রি করতে গিয়ে র্যাবের ফাঁদে আটকে যায় সন্ত্রাসী নুরুল হক সহ তার বাহিনীর লোকজন। সন্ত্রাসী নুরুল হক, মনিরুজ্জামন ও হোছনের বিরুদ্ধে এসময় ক্রসফায়ারের হত্যা মামলাসহ অসখ্য মামলা রয়েছে। অনেক মামলায় আদালতের সাঁজাও পরোয়ানা রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় অনেকের দাবী প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরণের অপ্রিতিকর ঘটনা সহ এলাকায় লাশ পড়ার সম্ভাবনা রয়েছে। মূলত: গতকাল সাধারণ পথচারিরাই গুলিবিদ্ধ হয়েছে। এ অবস্থা চলতে থাকলে এখানে নিরীহ ও সাধারণ লোকজন মারা যেতে পারে বলেও তাদের অভিমত। সন্ত্রাসী বাহিনীর নুরুল হক, মনিরুজ্জামন ও হোছন সহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন তারা। এদিকে গতকাল এই এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযানও চালিয়েছে পুলিশ।
