ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশলীদের উদ্দেশ করে বলেছেন, ‘বেশি খরচে অপ্রয়োজনীয় কাজ করা হচ্ছে। কম খরচে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করুন। খরচ বাড়ানোর পরিকল্পনা না করে কমানোর পরিকল্পনা করতে হবে।’
আজ শনিবার দুপুর ১২ টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) আমাদের করে যাওয়া কাজের ফিতা কেটেছে। অন্যের করে দেওয়া কাজের ফিতা কেটে বাহবা নিতে সমস্যা কোথায়।’
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ব্রিজ-কালভার্ট, এমনকি ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ ব্রিজ ধ্বংস করে দেয় হানাদার বাহিনী। তারপর দেশ স্বাধীন হলে আপনাদের সাহায্য ও সহযোগিতায় সেগুলো পুনরায় নির্মাণ করা হয়েছিল।’
এ সময় তিনি রসিকতা করে বলেন, ‘আমি তো আপনাদের পরিবারেরই সদস্য। আমি একজন ইঞ্জিনিয়ারের মা। যদিও আমি বাংলার ছাত্রী। সাহিত্যের ছাত্রী। এ ছাড়া আমি তো আইইবির সদস্য। আপনারা আমাকে সদস্য করেছেন।’
