ভোলা প্রতিনিধি : ভোলা জেলার ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসকের অবহেলায় আছমা বেগম (১৯) নামে এক গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাতে এ ঘটনা ঘটে। মৃত আছমা ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের কালু বাঘার মেয়ে।
আছমার স্বামী মনির হোসেন জানান, শনিবার বিকেলে তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত ভোলা সদর মাতৃ সদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডা. জেসি রায় তাকে সিজার করানোর জন্য ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারে নিয়ে যেতে বলে। ওই হাসপাতালে নিয়ে গেলে রোগির আবারো প্রসব ব্যথা উঠলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা না দিয়ে দীর্ঘ সময় ফেলে রাখা হয়। পরে ডাক্তার এসে জানান রোগি মারা গেছে। এর কিছুক্ষণ পরে রোগিকে অ্যাম্বুলেন্সে রেখে ওই ক্লিনিকের ডাক্তার ও কর্তৃপক্ষ পালিয়ে যায়। এই ঘটনার পরে রোগির স্বজন ও বিক্ষুব্ধ জনতা এসে ন্যাশনাল হেলথ কেয়ার সেন্টারকে ঘিরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় রোগির পরিবার অভিযোগ করলে আইনানুক ব্যবস্থা নেয়া হবে।
