সিটিনিউজবিডি : পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে ঢাকা সিটি কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এইচএসসি পরীক্ষার্থীরা। রবিবার বেলা একটা থেকে শতাধিক শিক্ষার্থী মিরপুর সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধানমণ্ডি জোনের পরিদর্শক (পেট্রোল) মো. সাজ্জাদ হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
বিক্ষোভরত কয়েকজন শিক্ষার্থী জানান, এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করে কলেজের আশপাশের কোনো কেন্দ্রে নেয়ার দাবিতে বিক্ষোভ করছে তারা।
গতবছর সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা পাশের গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। কিন্তু এবার তা পরিবর্তন করে রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে নেয়া হয়েছে।
জানা গেছে, শিক্ষার্থীরা কয়েকদিন আগে কেন্দ্র পরিবর্তনের খবর জেনে কলেজের অধ্যক্ষের কাছে গেলে তিনি তাদের কাছে সময় চান। কিন্তু নির্ধারিত সময়ে তাদের দাবি পূরণ না হওয়ায় তারা রাস্তায় নেমেছে। সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে; পুলিশের জলকামান এনে রাখা হয়েছে।
