ন্যায়বিচারের পরিসর সংকীর্ণ হয়ে আসছে: রিজভী

0

সিটিনিউজবিডি : দেশে ন্যায়বিচারের পরিসর দিন দিন সংকীর্ণ হয়ে আসছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘এদেশে অপরাধ আর শাস্তি নির্ধারিত হয় বিরোধী দলের তৎপরতার হ্রাস বৃদ্ধির ওপর। যেদেশে আইন, বিচার, প্রশাসনের গলায় দড়ি দিয়ে বেঁধে গোড়াটা ধরে রাখে নির্বাহী বিভাগ, সেদেশে মানুষের স্বাধীনতার অধিকারটা যে একটা রূপকথা তা বলার অপেক্ষা রাখেনা।’

দেশের শাসন ব্যবস্থাকে অদ্ভূত প্যারাডক্স আখ্যা দিয়ে রিজভী আহমেদ বলেন, ‘নির্ভিক সত্য প্রকাশ এবং ব্যক্তিগত সততা’র দৃঢ়চেতা মানুষ ‘আমার দেশ পত্রিকা’ সম্পাদক মাহমুদুর রহমানকে দীর্ঘদিন ধরে কারাযন্ত্রণা ভোগ করতে হয়। আর আন্তর্জাতিকভাবে খেতাবপ্রাপ্ত দুর্নীতিবাজরা দেশপ্রেমিকের উপাধি পান, কিংবা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘অবৈধ ক্ষমতার দর্পে বাহুবলী হয়ে আজ তারা মানুষকে মানুষ বলে তোয়াক্কা করছে না। ক্ষমতার মদমত্তে দখলবাজ, চাঁদাবাজ, ছিনতাইবাজ, হলমার্ক, শেয়ারমার্কেট ও সরকারি ব্যাংক লুটেরাবাজরাই বাজপাখীর মতো দাপিয়ে বেড়াচ্ছে। বিদ্যমান অরাজকতায় বাংলাদেশের পরিস্থিতি যেন পারস্যের মরমী সাধক শেখ সাদীর (রহ.)বাণীর সঙ্গে হুবহু মিলে যায়। তিনি বলেছিলেন-‘এমন একদিন আসবে যেদিন মূর্খরা উদ্ভট আদেশ জারি করে দেশ শাসন করবে, নির্বোধরা তাদের নির্বুদ্ধিতার জন্য গর্ব অনুভব করবে। পন্ডিতরা তাদের পান্ডিত্যের জন্য অনুশোচনাবোধ করবে। দুর্নীতিপরায়ণরা তাদের দুর্নীতির জন্য উল্লাস প্রকাশ করবে।’

সরকারকে ‘নব্য বাকশালী’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘এই হার্মাদ বাহিনীর অত্যাচারের জবাব ভোটারবিহীন শাসকরা কড়াকণ্ডায় যথাসময়েই পেয়ে যাবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ভোটারবিহীন দখলবাজ সরকার ভোট, নির্বাচন ত্যাজ্য করে দেয়ার পর এদের মধ্যে হিংস্রতা ও আগ্রাসন এখন ক্রমশ: উর্দ্ধগামী। অপকীর্তির প্রতিবাদ করাকে তারা অপরাধ হিসেবে বিবেচনা করে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.