ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বিএনপি

0

ঢাকা অফিস : ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সম্মেলনে বিস্তারিত বর্ণনা তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে ৯ জন সদস্য বৈঠকে অংশ নেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, ‘মূলত ইইউ ইউনিয়নের বাংলাদেশ নিয়ে যে কনসার্ন সে বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘৫ জানুয়ারি ভোটারবিহীন সরকারের ২ বছর অতিবাহিত করেছে। গণতন্ত্র না থাকলে সুশাসন থাকে না, এ বিষয়গুলো গুরুত্বসহ তুলে ধরেছি। দেশে গণতন্ত্র না থাকলে টেকসই উন্নয়ন হতে পারে না, সে বিষয়েও আলোচনা করা হয়েছে।’

সরকার জনগণের প্রতিনিধিত্ব না করলে সেই সরকারকে ইইউ সহযোগিতা করে না জানিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে যেসব দেশ গণতন্ত্র নিয়ে ভাবেন তাদের সঙ্গে বিএনপি সবসময় আলোচনা করে।’

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক সরকারকে পৃষ্ঠপোষকতা করলে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি রাষ্ট্রকে জবাবদিহিতা করতে হয়। কারণ সেদেশের মানুষের ট্যক্সের দেয়া টাকা থেকে আমাদেরকে সহযোগিতা করে। তাই তারা সব শ্রেণির সঙ্গে আলোচনা করে থাকেন।’

নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল। শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পক্ষে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ অবাধ না হলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় না। আমরা এসব বিষয় তুলে ধরেছি।’

এর আগে ঢাকা সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাড়ে ৫টায় শেষ হয় সে বৈঠক।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.