সিটিনিউজবিডিঃ পাবনা জেলার ঈশ্বরদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে দুই শিশু সন্তানের মুখে বিষ ঢেলে দিয়ে পাপিয়া সুলতানা (৩০) নামে এক মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এক ছেলের মৃত্যু হয়েছে। অন্য ছেলে ইমনের অবস্থাও আশঙ্কাজনক।
শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত পাপিয়া ও শিশু জীবন উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী-সন্তান।
বিষপানেই মা পাপিয়া সুলতানা ও তার শিশু সন্তান জীবনের (২) মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিকুর রহমান সাগর। বিষক্রিয়ায় মুমূর্ষু অবস্থায় আরেক ছেলে ইমনকে (৪) কে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তার করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, শুক্রবার রাতে ঢুলটি গ্রামের এনজিও কর্মী মিজানুর রহমানের সঙ্গে তার স্ত্রী পাপিয়া সুলতানার বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে স্বামীর ওপর অভিমান করে পাপিয়া সুলতানা তার দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।
বাড়ির লোকজন টের পেয়ে তাদের তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাত সাড়ে ১০টার দিকে মা পাপিয়া ও এক ছেলে জীবন মারা যান। অন্য ছেলে ইমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরদী থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
