খেলাধুলা : সাকিব আল হাসান অসাধারণ বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ২০১৩ সালে সিপিএল শুরু করেন। কিন্তু ঠিক পরের আসরে অবশ্য তার খেলা হয়নি বোর্ডের অনুমতি না পাওয়ায়।
এ বছরের জুলাইয়ে শুরু হবে সিপিএলের নতুন আসর। আসন্ন টুর্নামেন্টে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। সাকিবকে দলে ভেড়াতে তালাওয়াশকে খরচ করতে হয়েছে ১ লাখ ১০ হাজার ডলার। এই দলে সাকিবের সঙ্গে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গার মতো দুনিয়া কাঁপানো তারকারা।
সাকিবের সঙ্গে এবারের আসরের ড্রাফটে ছিলেন বাংলাদেশের আরো ৬ ক্রিকেটার। তারা হলেন- মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহামুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, সৌম্য সরকার ও ইমরুল কায়েস। দুর্ভাগ্যের বিষয়, সাকিব ছাড়া অন্য কোনো বাংলাদেশি ক্রিকেটার জুলাইয়ে অনুষ্ঠ্যেয় সিপিএলের আসরে দল পাননি।
ফের সিপিএলে খেলার সুযোগ পেয়ে নিজের ফেসবুক পেজে উচ্ছ্বসিত সাকিব লিখেছেন, ‘আমি এবারের সিপিএলে (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) কুমার সাঙ্গাকারা ও ক্রিস গেইলের মতো খেলোয়াড়দের সঙ্গে জ্যামাইকার হয়ে খেলার সুযোগ পেয়ে কৃতজ্ঞ। এই বিশ্বের কাছে আমাদের দেশকে উপস্থাপন করার এটি একটি অসাধারণ সুযোগ!’
