বিএনপিহীন সংসদে খালেদাকে নিয়ে উত্তাপ

0

সিটিনিউজবিডিঃ সংসদ ভবন থেকে : রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়া, তার অর্বাচিত পুত্র তারেক জিয়া ও তাদের দোসরা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাই এদের স্বাধীন দেশে রাজনীতি করার অধিকার নেই বলেও তারা দাবি করেন।

রোববার রাতে জাতীয় সংসদ অধিবেশন এই আলোাচনা চলাকালে প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোসলেম উদ্দিন, শেখ মোহাম্মদ নুরুল হক ও গাজী ম ম আমজাদ হোসেন মিলন এবং জাতীয় পার্টির রওশন আরা মান্নান প্রমুখ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রাষ্ট্রপতির ভাষণকে বর্তমান সরকারের উন্নয়ন-সাফল্যের একটি অনন্য দলিল উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে, উন্নয়নের গতিপথে। কিন্তু উন্নয়নের এই গতিপথকে রুদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে।
আগুন সন্ত্রাসী-মানুষকে পুড়িয়ে হত্যাকারী খালেদা জিয়া ও তার অর্বাচিন পুত্র এই চক্রান্ত করছেন। পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখাচ্ছেন। আসলে পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন খালেদা জিয়া। খালেদা জিয়াদের অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের স্বাধীন দেশে থাকার কিংবা রাজনীতি করার কোনো অধিকার নেই।’

মুহাম্মদ ফারুক খান বলেন, ‘শত ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ সামাজিক, গণতান্ত্রিক, অর্থনীতিসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ, সাহসীকতা ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব সারাবিশ্ব আজ স্বীকৃতি দিচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, অগণতান্ত্রিক আন্দোলন যদি না থাকে দেশ আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে।  বিএনপি-জামায়াত জোট জ্বালাও-পোড়াও, পুড়িয়ে মানুষ হত্যার ঘৃণ্য রাজনীতি আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করে তাদের বাধ্য করেছি গণতান্ত্রিক রাজনীতির পথে আসতে।’

সাগুফতা ইয়াসমিন খালেদা জিয়াকে পাকিস্তানের এজেন্ট আখ্যায়িত করে বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের বাংলাদেশ থেকে বের করে দেয়া উচিত। দেশের প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন-সফলতার রাজনীতির পক্ষে, রাজাকার-যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী খালেদা জিয়ার বিপক্ষে। ক্ষমতার লোভে এই বিএনপি নেত্রী মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, বিদেশিদের হত্যা করেছে, দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ কারণে জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে।’

ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, ‘এখন আর জ্বালাও-পোড়াও নেই। শিশু, ছাত্র, পুলিশসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার চিত্র নেই। যারা এই অপরাজনীতি করেছিল, তারা এখন জনগণ থেকে প্রত্যাখ্যাত, ঘৃণিত। তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.