সিটিনিউজবিডিঃ যশোরে যাত্রীবাহী পরিবহন বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম ঠিকানা এখনও জানা যায়নি।
যশোরের বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক পান্নু জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী গ্রীনলাইন পরিবহনের একটি বাস সোমবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে দু’জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
