স্পোর্টস ডেস্ক : আট ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েও শেষ চারে খেলা নিশ্চিত করেছে সাকিব আল হাসানের করাচি কিংস। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৫ উইকেটে হেরেছে লাহোর কালান্ডার্স। এতে করাচি ও লাহোর উভয়ের পয়েন্ট দাঁড়ায় চার করে। তবে রান ব্যবধানে এগিয়ে থাকায় করাচি শেষ চার নিশ্চিত করেছে।
বুধবার রাতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় লাহোর কালান্ডার্স। ওমর আকমল ও সাকিব মাসুদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৫০ রান করে তারা। আকমল ৪৯ বলে পাঁচটি চার ও তিনটি ছক্কায় করেন ৭২ রান। অপরদিকে সাকিব মাসুদ ৪৪ বল থেকে পাঁচটি চার ও দুটি ছক্কার মারে করেন ৫৭ রান। ইসলামাবাদের মোহাম্মদ ইরফান ২২ রানের বিনিময়ে তিনটি উইকেট নেন।
জবাবে ব্রাড হাডিনের হাফসেঞ্চুরিতে এক ওভার বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ। হাডিন ৪২ বল থেকে পাঁচটি চার ও দুটি ছক্কার মারে করেন ৫৪ রান। এছাড়া মিসবাহ-উল হক ১৯ বল থেকে সাতটি চারের মারে ৩৮ এবং খালিদ লতিফ করেন ২৫ রান। লাহোরের জিয়াউল হক দুটি উইকেট লাভ করেন।
পিএসএলের চূড়ান্ত পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | নেট রান রেট |
| পেশোয়ার জালমি | ৮ | ৬ | ২ | ১২ | +০.৫৩ |
| কোয়েটা গ্ল্যাডিয়েটর্স | ৮ | ৬ | ২ | ১২ | +০.২১৬ |
| ইসলামাবাদ ইউনাইটেড | ৮ | ৪ | ৪ | ৮ | -০.২৮২ |
| করাচি কিংস | ৮ | ২ | ৬ | ৪ | -০.০৩৬ |
| লাহোর কালান্ডার্স | ৮ | ২ | ৬ | ৪ | -০.৫৩৬ |
