মরিস ম্যাজিকে প্রোটিয়াদের জয়

0

স্পোর্টস ডেস্কঃ  ফলাফল নির্ধারনকারী ইনিংসের শেষ বলে বোলার প্রান্তের থ্রোটি যদি টপলি ধরতে পারতেন তাহলে নিশ্চিত রানআউট হয়ে যেতেন অ্যাবোট। আর ইনিংসের রং হয়তো পাল্টে যেত। শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৫ রান। বোলিংয়ে আসেন রিসি টপলি। উইকেটে আছেন ক্রিস মরিস ও কাইল অ্যাবোট। প্রথম বলে সিঙ্গেল নেন অ্যাবোট। স্ট্রাইক পেয়ে ক্রিস মরিস দ্বিতীয় বলে চার আর তৃতীয় বলে ছক্কা হাঁকান। তিন বলে দরকার চার রান। চতুর্থ বলে কোনো রান পাননি মরিস। পঞ্চম বলটি লংঅফে ঠেলে দিয়েই দুটি রান বের করেন মরিস। শেষ বলে প্রয়োজন দুই রান। অ্যাবোটকে নিয়ে তাও সম্পন্ন করেন মরিস। জিতে গেল দক্ষিণ আফ্রিকা

কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিন উইকেটের জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। পেণ্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচ নিস্পত্তি হয় শেষ বলে। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে লিড নিল এবিডি ভিলিয়ার্সের দল।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ১৩৪ রান ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে। জবাবে ৭ উইকেট হারিয়ে ইনিংসের শেষ ওভারে মরিস ম্যাজিকে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ওপেনার জেসন রয় ১৫ আর অ্যান্ড্রু হেলস ২৭ রান করেন। জো রুটের ব্যাট থেকে আসে ৮ রান। দলপতি ইয়ন মরগান ১০ রান করে বিদায় নেন। এছাড়াও বেন স্টোকস ১১, ক্রিস জর্ডান ১৫ রান করেন।

প্রোটিয়াদের হয়ে ২১ রান খরচায় ৪টি উইকেট দখল করেন ইমরান তাহির। দুই উইকেট নেন কাইল অ্যাবোট। একটি করে উইকেট পান রাবাদা ও উইসি।

১৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ওপেনার হাশিম আমলা ২১ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার এবিডি ভিলিয়ার্স ৭ রান করেন। এরপর ডু প্লেসিস ৩০ বলে ২৫ রান করে বিদায় নেন।

জেপি ডুমিনি ২৩ ও রুশোর ব্যাট থেকে আসে ১৮ রান। শেষ দুই ওভারে প্রোটিয়াদের জয়ের জন্য দরকার ছিল ২১ রান। ১৯তম ওভারের প্রথম বলেই দ. আফ্রিকার ষষ্ঠ ব্যাটসম্যান হয়ে বিদায় নেন ১৩ রান করা ডেভিড মিলার।

শেষপর্যন্ত ক্রিস মরিসের মহাগুরুত্বপূর্ণ ৭ বলে ১৭ রানেই জয় নিশ্চিত হয় প্রটিয়াদের।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে ক্রিস জর্ডান তিনটি আর মঈন আলি দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান আদিল রশিদ ও বেন স্টোকস।

সিরিজের শেষ ম্যাচ আগামীকাল (২১ ফেব্রুয়ারি) জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.