রিচার্ডসকে ছাড়িয়ে গিয়ে বিব্রত ম্যাককালাম!

0

খেলাধুলা: স্যার ভিভ রিচার্ডস তার আইডল। ক্রিকেটের সত্যিকারের সেই মাস্টার ব্লাস্টারের রেকর্ডই কাল ইতিহাসের পাতা থেকে মুছে দিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ইতিহাসের দ্রুততম টেস্ট সেঞ্চুরির রেকর্ডটা এখন এই কিউই অধিনায়কের। শনিবার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ৫৪ বলে সেঞ্চুরির কীর্তি গড়েছেন ম্যাককালাম। স্যার রিচার্ডসের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড লেখায় একদিক দিয়ে যেমন খুশি ম্যাককালাম, অন্যদিক দিয়ে বেশ বিব্রত! আইডলের রেকর্ড মুছে দিলেন যে!

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ৭৯ বলে ১৪৫ রানের ইনিংস খেলেছেন ম্যাককালাম। আর দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের স্যার রিচার্ডস ও পাকিস্তানের মিসবাহ-উল-হককে। তাদের ৫৬ বলের সেঞ্চুরি ছিল টেস্টের রেকর্ড। ৩০ বছর আগে অ্যান্টিগার সেন্ট জোন্সে রেকর্ডটা গড়েছিলেন রিচার্ডস। তার ইনিংসটা এখন পর্যন্ত ইতিহাসের অন্যতম যাদুকরী ও বিস্ফোরক হিসেবে বিবেচিত।

ম্যাককালাম স্বীকার করেছেন ‘মারো বা মরো’ মানসিকতা নিয়ে ইনিংসটা খেলেছেন তিনি। তবে ক্যারিবিয়ান ব্যাটিং গ্রেটকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতিটা যে একটু ভিন্ন রকমের হয়েছে তাও বলেছেন, “তাকে আইডল হিসেবে নিয়ে বেড়ে উঠেছি আমি। সত্যি বলতে তাকেই ছাড়িযে যাওয়া আমার জন্য কিছুটা বিব্রতকর। তিনি ধ্বংসাত্মক খেলোয়াড় ছিলেন। অবিশ্বাস্য ক্রিকেটার। আশা করছি এই স্ট্রোক প্লের কিছু উপভোগ করেছেন তিনি।”

৩৪ বছরের ম্যাককালাম অবশ্য প্রথমে বুঝতেই পারেননি যে তিনি বিশ্ব রেকর্ড গড়েছেন। মাঠের ঘোষণা শুনে জেনেছেন। তার খেলা এদিনের দ্বিতীয় বলটা স্লিপের ওপর দিয়ে উড়ে যায়। তখন তিনি ভেবেছেন, এটা তার দিন হতে পারে। ম্যাককালামের ভাষায়, “এরকম উইকেটে খেলতে গেলে আগ্রাসী হতে হয়, সাথে ভাগ্যও লাগে।” ম্যাককালামের ইনিংস ২১টি চার ও ৬টি ছক্কায় সাজানো। প্রথম ছক্কাতেই তিনি টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে।

ম্যাককালাম ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ দল নিয়ে তাকে গার্ড অব অনার দিয়েছেন। তাতে বিমোহিত ম্যাককালাম, “এটা স্মিথি ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের কাছ থেকে চমৎকার আচরণ। বাকি জীবন এটা মনে রাখবো।”

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.