চেলসি ম্যানসিটিকে উড়িয়ে কোয়ার্টারে

0

স্পোর্টস ডেস্কঃ  বড় একটা বাধা সহজেই উৎরে গেল ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। রোববার রাতে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গাস হিডিঙ্কের শিষ্যরা। কোয়ার্টারে এভারটনের মুখোমুখি হবে চেলসি। অবশ্য এফএ কাপে এতো বড় প্রতিপক্ষের জন্য দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নেমেছিল ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। খেলায়ই যার খেসারত দিতে হয়েছে তাদের।

আগামী বুধবার ইউক্রেনে ডায়নামো কিয়েভের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ রয়েছে ম্যানসিটির। সেজন্য হয়তো বাড়তি কোনো ঝুঁকি নিতে চায়নি দলটি। অনেকটা বিকল্প দল নিয়েই স্টামফোর্ড ব্রিজ সফরে যায় তারা। এরপরও প্রথমার্ধটা লড়াই করেই শেষ করেছে ম্যানসিটি। ৩৫ মিনিটে দিয়েগো কস্তার গোলে এগিয়ে যায় চেলসি। দুই মিনিটের ব্যবধানে ফাউপালা ম্যানসিটিকে সমতায় ফেরান। তাই ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

সমতায় প্রথমার্ধ শেষ হওয়ায় চেলসি সমর্থকরা হতাশ হয়ে পড়েন। তবে সেই হতাশা কাটাতে খুব বেশি সময় নেননি উইলিয়ান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তিন মিনিটের ব্যবধানে গোল করে চেলসিকে এগিয়ে নেন তিনি। উইলিয়ানের গোলের মধ্য দিয়ে যেন চেলসির গোলের ঝাপি খুলে যায়।

দ্বিতীয়ার্ধে এরপর আরো তিন গোল করে গাস হিডিঙ্কের শিষ্যরা। ৫৩ মিনিটে গ্যারি কাহিল আরো এক দফা ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন ইডেন হ্যাজার্ড। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট বাকি থাকতেই ট্রাওর করেন শেষ গোলটি।

পেলিগ্রিনি অবশ্য দায়সারা বক্তব্যই দিয়েছেন। তাদের পক্ষে পুনরায় ম্যাচটি খেলা সম্ভব ছিল না। তাই পাঁচজন একেবারে নতুন খেলোয়াড় নিয়েই তারা লড়াইয়ে নামেন। সিটি কোচ পেলিগ্রিনি বলেন, ‘আরেক দিনর খেলার মতো যথেষ্ট পরিমাণ ফিট খেলোয়াড় ছিল না। আমরা জানতাম এফএ কাপে পরবর্তী রাউন্ডে যাওয়াটা কঠিন তা জানাই ছিল। তবে এর বাইরে আমাদের কিছুই করার ছিল না। আমাদের ছয়জন খেলোয়াড় ইনজুরিতে। তাই তাদের নিয়ে বেশি ঝুঁকি নিতে চাইনি। এটা যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার পর হতো তবে সেই ঝুঁকি নেয়া যেত। আমরা ভালো দলের বিপক্ষে খেলেছি। তাই তারা জিতেছে।’

চেলসি ম্যানেজার হিডিঙ্ক তরুণ ম্যানসিটির খেলারও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ম্যানসিটি দলে অনেক পরিবর্তন এনেছে। তার অর্থ এই নয় যে ম্যাচটি আমাদের জন্য খুব সহজ ছিল। কারণ তাদের তরুণ খেলোয়াড়রাও দুর্দান্ত। তারা প্রথমার্ধটা দারুণ খেলেছে। কিন্তু দ্বিতীয়ার্ধে দ্রুত দুটি গোল করায় তারা আর তাল মেলাতে পারেনি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.