খেলাধুলা: কয়েকদিন আগে আর্জেন্টিনায় লাল কার্ড দেখানোয় রেফারিকে গুলি করে হত্যা করে এক খেলোয়াড়। কিন্তু এবার গুলি নয়, রেফারিকে লাল কার্ড দেখালেন ফুটবলার।
শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য। তুরস্কের বিখ্যাত ক্লাব গালাতাসারের বিরুদ্ধে ট্রাবজনস্পোরের লুইস কাভান্ডাকে লাল কার্ড দেখান রেফারি। এরপরই ধাক্কাধাক্কিতে রেফারির হাত থেকে কার্ডটি পড়ে যায়।
সহ-খেলোয়াড়কে কার্ড দেখিয়ে গালাতাসারেকে পেনাল্টি দেওয়ায় রেগে গিয়ে কার্ডটি তুলে নেন সালিহ দারসুন। সবাইকে অবাক করে দিয়ে রেফারিকে সেটি দেখিয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন তিনি।
প্রত্যুত্তরে রেফারির হাত থেকে কার্ড ছিনিয়ে নেওয়ায় ওই খেলোয়াড়কেই লাল কার্ড দেখান রেফারি ডেনিজ বিটনেল। তাঁর আগে একই দলের তিনজনকে (কাভান্ডা, ওজের হুরমাকি, আয়কুট দেমির) লাল কার্ড দেখিয়েছিলেন তিনি। ফলে শেষ পর্যন্ত সাত জনে খেলতে হয় ট্রাবজনস্পোরকে। ম্যাচটি ২-১ ফলে জিতে তুরস্কের নামী ক্লাব গালাতাসারে।
তবে এই প্রথম নয়। আগেও রেফারিকে হেনস্থা করার অভিযোগ রয়েছে ক্লাবটির বিরুদ্ধে। এর আগে ক্লাবের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা চারজন রেফারিকে ম্যাচ ড্র হওয়ায় চার ঘণ্টা স্টেডিয়ামে আটকে রেখেছিলেন। ফলে তাঁকে ২৮০ দিনের নির্বাসনে পাঠিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন।
