১৪ দলের মানববন্ধন স্থগিত

0

সিটিনিউজবিডি : মুক্তিযুদ্ধ ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে ১৪ দল। তবে জোটের বেশ কয়েকজন নেতা জানান, পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিতের বিষয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন চলমান থাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য পূর্বঘোষিত কেন্দ্রীয় ১৪ দলের মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে, এ বিষয়ে আওয়ামী লীগ ছাড়া অন্য শরিক দলের কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মানববন্ধন স্থগিতের বিষয়টি তারা জানেন না।

জোটের শরিক একটি দলের সাধারণ সম্পাদক পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত হওয়ার বিষয়টি এ প্রতিবেদকের কাছে প্রথম শুনেন। তিনি বলেন, আপনার কাছে প্রথম বিষয়টি শুনলাম। আমি খোঁজখবর নিয়ে আপনাকে জানাচ্ছি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কারণে আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বৈঠক করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে কি না বিষয়টি আমি এখনো জানি না।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া বলেন, বিষয়টি আমি জানি না। তবে জোটের সমন্বয়ক এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।

তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের আমেজ দেশব্যাপী শুরু হয়েছে। তাই এ কর্মসূচি স্থগিত হয়েছে সেটা ভালো কথা। কিন্তু জোটগত আলোচনা করে করা হলে ভালো হতো, সেটা বৈঠক করে সম্ভব না হলে মোবাইলে কথা বলেও করা যেত।

প্রসঙ্গত, একই দাবিতে গত ১৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলীয় জোট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.