ইউপি নির্বাচন ২০১৬: বিধি লঙ্ঘন করে শো-ডাউন, মনোনয়নপত্র দাখিল

0

ব্রাহ্মণবাড়িয়া: উৎসবমুখর পরিবেশে জেলার বাঞ্ছারমপুর ও আশুগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে ৭১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

সোমবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। এসময় সকল চেয়ারম্যান প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান জানান দেওয়ার জন্য আচরণ বিধি লঙ্ঘন করে ব্যাপক শো-ডাউন করেছেন।

আশুগঞ্জ উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্য পদে ২০৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জনসহ মোট ২৯৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল ও ব্যাপক শোডাউন করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৭ ইউনিয়নের আওয়ামী লীগ ও বিএনপির মনোনিত প্রার্থী ছাড়াও ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল মহড়াসহ শত শত লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা সদর দপ্তরের সর্বত্র ছিল লোকে লোকারণ্য। তবে চেয়ারম্যান প্রার্থীরা সর্বত্র আচরণ বিধি লঙ্ঘন করলেও প্রশাসন ছিল নিরব।

এদিকে বাঞ্ছারামপুর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী চূড়ান্ত করা হলেও উভয় দলের অন্তত ১৬ জন ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের ১৪ জন ও বিএনপির ২ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ৩৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে আতাত করে নির্বাচন করবেন বলে গুঞ্জন রয়েছে।

আওয়ামী লীগ ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপি ৯টি ইউনিয়নে তাদের একক প্রার্থী চূড়ান্ত করছেন। মনোনয়নপত্র জমার শেষ দিনে বিদ্রোহী প্রার্থী হিসেবে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের ১৪ জন ‘বিদ্রোহী’ ও বিএনপির ২ জন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন।

এসব বিষয়ে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘জেলার দুটি উপজেলায় ১৬টি ইউনিয়নে নির্বাচন হবে। এতে মোট ৭১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছে। আমরা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছি।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.