ব্রাহ্মণবাড়িয়া: দুর্বৃত্তদের ছোড়া এসিডে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া দক্ষিণ মৌড়াইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
তানিয়ার পারিবারিক সূত্র জানায়, রাতে তানিয়া তার নিজ ঘরের টয়লেট থেকে বের হওয়ার সময় রান্নাঘর থেকে অজ্ঞাত দুই যুবক তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তানিয়া মাটিতে লুটিয়ে চিকৎকার শুরু করে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। এ ঘটনায় তানিয়ার প্রতিবেশী নীলা রহমানও আহত হয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, তানিয়ার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর কলহ চলে আসছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।
