পাবনা: সদর উপজেলার টেবুনিয়া বাজারে ডাকাতির চেষ্টাকালে মতিউর রহমান মন্টু (৩৫) নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতদের ছুরিকাঘাতে বাড়ির মালিক এ আর ট্রেডিংয়ের মালিক রবিউল ইসলাম ও তার মেয়ে রাইসা আহত হয়েছে।
শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মালিগাছা গ্রামের রবিউল ইসলামের টেবুনিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আটক মতিউর রহমান মন্টু উপজেলার মজিদপুর গ্রামের আলেফ খাঁর ছেলে।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, গভীর রাতে ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ব্যবসায়ী রবিউল ইসলামের বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতরা রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রবিউলের মেয়ে রাইসা তাকে ঠেকাতে গেলে তাকেও মারধর করে আহত করে। ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়ে রাইসা পেছন থেকে এক ডাকাতকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে (ডাকাত মন্টু) ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে। এসময় বাড়ির নারীসহ সবাই ডাকাত মন্টুকে ধরে ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসলে অন্য ডাকাতরা ভয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ডাকাত মন্টুকে মারপিট করে সদর থানা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ আহত অবস্থায় মন্টুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
