চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন ওই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই ৫ ও ৬ মার্চ এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ এবং ভোটগ্রহণ আগামী ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
তবে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে না। ওয়ার্ড পুনর্বিন্যাসে জটিলতার কারণে লক্ষ্মীপুর ইউনিয়ন ও বালিয়া ইউনিয়নে বর্তমান তফসিলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।
তফসিলে ঘোষিত ইউনিয়নগুলো হলো- চাঁদপুর সদরের আশিকাটি, কল্যাণপুর, বাগাদী, বিষ্ণুপুর, চান্দ্রা, হানারচর, ইব্রাহীমপুর, মৈশাদী, রাজরাজেশ্বর, শাহমাহমুদপুর, রামপুর ও তরপুরচন্ডী ইউনিয়ন এবং হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর, আলগী দুর্গাপুর দক্ষিণ, চরভৈরবী, হাইমচর, গাজীপুর ও নীলকমল।
উল্লেখ্য, এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। দলগতভাবে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য রাজনৈতিক দল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ এবং গণসংযোগ অব্যাহত রেখেছে।
জেলা নির্বাচন অফিস কর্তৃক ঘোষিত এ দুই উপজেলার ২০টি ইউনিয়নের মধ্যে ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে দ্বিতীয় দফা তফসিলে। প্রথম পর্যায়ের তফসিলে চাঁদপুরের কোনো উপজেলার নির্বাচন ঘোষণা করা হয়নি। তবে পরবর্তী তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তফসিলে ধারাবাহিকভাবে বাকি ৮টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
