কক্সবাজার: জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন সরকার সমর্থিতরা। তবে সমান সংখ্যক ভোট (২৫৬ টি) পাওয়ায় সভাপতি পদে সরকার সমর্থিত প্যানেলের প্রার্থী মোহাম্মদ ইসহাক এবং বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী আবুল কালাম সিদ্দিকীকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রথম ছয় মাস আবুল কালাম সিদ্দিকী এবং পরবর্তী ছয় মাস মোহাম্মদ ইসহাক সভাপতির দায়িত্ব পালন করবেন।
সভাপতি পদ ছাড়া সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মোহাম্মদ ইসহাক, আ জ ম মঈন উদ্দিন প্যানেল ৯টি পদে এবং ৬টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী আবুল কালাম সিদ্দিকী-মোহাম্মদ তাওহীদুল আনোয়ার প্যানেল জয় লাভ করেছেন।
সভাপতি পদে মোহাম্মদ ইসহাক এবং আবুল কালাম সিদ্দিকী পেয়েছেন ২৫৬ ভোট করে। সাধারণ সম্পাদক পদে আ জ ম মঈন উদ্দিন পেয়েছেন ২৮১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ তাওহীদুল আনোয়ার পেয়েছেন ২২৭ ভোট। আ জ ম মঈন উদ্দিনের আগেও একবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে আবুল কালাম সিদ্দিকী পান ২৫৭ ভোট এবং প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ ইসহাক পান ২৫৬ ভোট। এ নিয়ে মোহাম্মদ ইসহাকের আবেদনের প্রেক্ষিতে ভোট পুনঃগণনার কারণে শনিবার রাতে ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান জানান, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মাত্র ১ ভোটের ব্যবধান ছিল। ফলে ভোট পুনঃগণনা করে শনিবার রাতে পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি। রোববারও সভাপতি পদে প্রাপ্ত ভোট একাধিকবার পুনঃগণনা করার পর আবুল কালাম সিদ্দিকীর প্রাপ্ত ১টি ভোট নষ্ট বলে ঘোষণা করা হয়। সমান সংখ্যক ভোট পাওয়ায় সভাপতি পদে উভয়কে যুগ্মভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। উভয়ে ছয় মাস করে সভাপতি পদের দায়িত্ব পালন করবেন।
আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের বিজয়ীরা হলেন- সহ সভাপতি পদে বদিউল আলম সিকদার (প্রাপ্ত ভোট ২৬৮), সহ সাধারণ সম্পাদক (সাধারণ) একে ফজলুল হক চৌধুরী (প্রাপ্ত ভোট ২৯৯), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামশুল হক (প্রাপ্ত ভোট ২৯৪) এবং সদস্য পদে পীযুষ কান্তি চৌধুরী (প্রাপ্ত ভোট ২৪৭), আমজাদ হোসেন (প্রাপ্ত ভোট ৩০৬), কপিল উদ্দীন চৌধুরী (প্রাপ্ত ভোট ২৬৯), ইকবালুর রশিদ আমিন (প্রাপ্ত ভোট ৩৪৩), ফাহিমা আকতার (প্রাপ্ত ভোট ৩২৫), একেএম এরশাদ উল্লাহ (প্রাপ্ত ভোট ২৯৭)।
বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী প্যানেলের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি পদে এসএম নুরুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৩৫), সহ-সাধারণ সম্পাদক (হিসাব) একে ফিরোজ আহমদ (প্রাপ্ত ভোট ২৮৮), পাঠাগার সম্পাদক মো. মিজানুর রাশেদ (প্রাপ্ত ভোট ২৬৮) এবং সদস্য পদে সব্বির আহমদ (প্রাপ্ত ভোট ২৮৯), মো. ফরিদ উদ্দিন ফারুকী (প্রাপ্ত ভোট ২৫৩), নাজিম উদ্দিন (প্রাপ্ত ভোট ২৬১)।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহজাহান জানান, নির্বাচনে মোট ৫৫৪ ভোটারের মধ্যে ৫১৭ জন ভোটাধিকার প্রয়াগ করেছেন।
