বাংলা ভাষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে

0

ঢাবি : বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে নমনীয় ভাষা। বাংলা একটি বাক্যকে আমরা বিভিন্নভাবে বলতে পারি কিন্তু অন্য ভাষায় তা ততটা নমনীয়) নয়। তাই এই ভাষার ব্যবহার  প্রযুক্তিতে আরও বাড়াতে হবে বলে মত দিয়েছেন বিশিষ্ট তথ্যপ্রযুক্তিবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে ‘তথ্য-প্রযুক্তি ও বাংলা ভাষা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনারে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘আমরা ইতিমধ্যে বাংলা সার্চ ইঞ্জিন পিপিলিকা তৈরি করেছি। এতে আমাদের কাজ শেষ নয়। এটি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এতে বাংলা অভিধান যোগ করার জন্য আমরা বাংলা একাডেমির কাছে অভিধানের সফ্ট কপি চেয়েছিলাম কিন্তু পাইনি। তখন আমরা সব শব্দ টাইপ করে তা এই সার্চ ইঞ্জিনে যোগ করেছি।’

তিনি আরও বলেন, ‘যদিও আমরা প্রযুক্তিতে কিছুটা অবদান রাখছি তবুও আমাদের অনেক ঘাটতি রয়েছে। আমরা এখনো কোনো ব্রাউজার আবিষ্কার করতে পারি নি, এটা আমাদের জন্য দরকার। প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধির জন্য গবেষণা প্রয়োজন। আর এর জন্য প্রয়োজন অর্থের।’ তিনি এই গবেষণায় পর্যাপ্ত অর্থায়ন করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সৈয়দ শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদ্বোধনকালে বাংলা ভাষায় তথ্য-প্রযুক্তি ব্যবহারে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলা ভাষায় তথ্য-প্রযুক্তির অধিকতর সম্পৃক্ততা ও উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য, ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা নাসরীন, সহকারী অধ্যাপক নায়রা খান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগী অধ্যাপক ড. খন্দকার তাবিন হাসান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.