পটুয়াখালী : পটুয়াখালী-ঢাকা রুটে সোমবার মাত্র ২০ টাকা ভাড়ায় ডেকের যাত্রীদের পরিবহন করেছে এই রুটে চলাচলকারী ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চগুলো। হঠাৎ করে ৩৮৩ টাকার সরকার নির্ধারিত ভাড়ার কয়েকগুণ কম নেয়ায় খুশি এদিন লঞ্চের ডেকের যাত্রীরা।
এদিকে, লঞ্চ কর্তৃপক্ষ বলছেন প্রতিযোগিতার কারণেই সোমবার নামমাত্র ভাড়া আদায় করা হয়। তবে ডেকযাত্রীদের কাছ থেকে কম নিলেও কেবিন (১ম শ্রেনীর) ভাড়া ছিল আগের মতোই।
পটুয়াখালী থেকে সোমবার এমভি কুয়াকাটা-১, এমভি সুন্দরবন-১১ ও এমভি জামাল-৫ লঞ্চ বিকেলে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চ এমভি কুয়াকাটা-১ এর টিকিট কাটার (কেরানী) মো. কাঞ্চন মিয়া জানান, পটুয়াখালী ঢাকা রুটে সরকারিভাবে ৩৮৩ টাকা ভাড়া নির্ধারণ করা থাকলেও যাত্রীদের কাছ থেকে সব সময়ে ২০০ টাকা করেই ভাড়া আদায় করা হয়। তবে সোমবার প্রতিযোগিতার কারণে আমরা এদিন যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা ভাড়া নিয়েছি।
এদিকে, পটুয়াখালী ঘাটে লঞ্চের লস্কররা যখন যাত্রীদের ডেকে ডেকে বলছিলেন ‘ঢাকা ২০, ঢাকা ২০’ তখন অনেকের কাছে এটা মসকরা মনে হলেও লঞ্চে ওঠার পর যখন আসলে ২০ টাকার টিকিট হাতে ধরিয়ে দেয়া হয়, তখন অনেকেই অবাক হয়েছেন।
এমভি সুন্দরবন-১১ এর ডেকযাত্রী ইকবাল হোসেন বলেন, ‘লঞ্চে উঠে এক বোতল পানি কিনতেও ত্রিশ টাকা লাগে কিন্তু আজ ঢাকা যাচ্ছি মাত্র বিশ টাকায়, এটা আমার জীবনের স্মরণীয় হয়ে থাকবে।’
