ঢাকা : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ৮ মার্চ সকাল ৮টা থেকে তারা শাহবাগের প্রজন্ম চত্বরে অবস্থান করবেন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত মীর কাসিম আলীর ফাঁসির রায় নিয়ে তারা ঘরে ফিরবেন।
শুক্রবার (৪ মার্চ) বিকেলে শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের আয়োজনে আলবদর মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে গণঅবস্থান কর্মসূচি চলাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘মীর কাসেম আলীকে তার প্রাপ্ত দণ্ড দিতে হবে। যদি কোনোভাবে আপোসের চেষ্টা করা হয়, তাহলে সেটি হবে ৩০ লাখ শহীদের প্রতি অবিচার।’
তিনি আরও বলেন, ‘৮ তারিখে মীর কাসেম আলীর রায় হবে। সেদিন বাংলাদেশের জনগণ কোনোরকম আপোসের রায় মেনে নেবে না।’
ইমরান সরকার জোর দিয়ে বলেন, ‘কাদের মোল্লার আপোসের রায়ের ব্যাপারে আমরা যেভাবে প্রতিবাদ করেছিলাম, সেভাবে মীর কাসেম আলীর রায়ে আপোস হলে আমরা প্রতিবাদ করব।
ইমরান অভিযোগ করে বলেন, ‘জামায়াত ’৭১ সালে কী করেছে বাংলাদেশের মানুষ তা জানে। কিভাবে তারা সনাতন ধর্মের মানুষসহ বিভিন্ন ধর্মের মানুষকে খুন করেছে সেটা কারও অজানা নয়।’
গণজাগরণের মুখপাত্র বলেন, ‘এ দেশে যদি চুরি করার অপরাধে একজন চোরের সর্বোচ্চ সাজা হতে পারে তাহলে যারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে তাদের কেন বিচার হবে না?’
যতই লবিস্ট নিয়োগ করা হোক কোনো লাভ হবে না, মীর কাসেম আলীকে ফাঁসির কাষ্ঠে ঝুলতেই হবে মন্তব্য করে ইমরানর অচিরেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি কার্যকরের দাবি জানান।

Comments are closed.