ম্যাচে এগিয়ে থেকেও মাত্র ১ পয়েন্ট মাশরাফিদের

স্পোর্টস ডেস্ক:  তামিম-সৌম্যের ঝড়ো ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ৯৪ রান। খেলা ছিল ১২ ওভারের। এর মধ্যেই নামলো বৃষ্টি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে অবশেষে খেলা পরিত্যাক্ত ঘোষণা করলেন আম্পায়ার। ম্যাচে এগিয়ে থেকেও মাত্র ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো মাশরাফিদের।

অবশ্য বৃষ্টি সবেচেয়ে বেশি ডুবিয়েছে আয়ারল্যান্ডকেই। মাস্ট উইন ম্যাচে ব্যাট করতেই নামতে পারলো না তারা। ফলে নেদারল্যান্ডসের পর বিশ্বকাপ থেকে ছিটকে গেল আয়ারল্যান্ডও।

বাংলাদেশের হাতে বাকি আর মাত্র একটি ম্যাচ। গ্রুপে সমান পয়েন্ট নিয়ে ওমানের সঙ্গে শীর্ষে অবশ্য বাংলাদেশেই। রান রেটের দিক থেকে এগিয়ে থাকায় ওমানের ম্যাচেও কোনো কারণে পয়েন্ট ভাগাভাগি হলে সমস্যা নেই। চার পয়েন্ট নিয়ে সুপার টেনে জায়গা হবে বাংলাদেশেরই।

এদিকে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে শুরু থেকেই আইরিশদের উপর চড়াও হয় তামিম ও সৌম্য। এ ওপেনিং জুটি ৪.৪ ওভারেই ৬১ রান তুলে নেয়। এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন অ্যান্ডি ম্যাকব্রেইন। স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার আগে ১৩ বলে ৩টি চারে ২০ রান করেন সৌম্য সরকার।

দলীয় ৯৪ রানের মাথায় মাত্র ৩ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন তামিম। জর্জ ডকরেলের বলে আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৬ বলে ৩টি চার ও চারটি ছক্কায় ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন এই তারকা ওপেনার। স্ট্রাইক রেট ১৮০.৭৬। সাব্বির রহমান রুম্মান ৯ বলে একটি ছক্কায় ১৩ রানের অপরাজিত ছিলেন।

তারপরই বৃষ্টির হানা। খেলা শুরু করা গেল না আর। বাতিল হয়ে গেল ম্যাচ। মন খারাপ দুই দলের অধিনায়কেরই। একজনের বিদায়, আরেকজনের এক পয়েন্টের আক্ষেপ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.