চট্টগ্রাম: ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের পরীক্ষাগারে (ল্যাব) গুলিবর্ষণের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন নগর ছাত্রলীগ।
রোববার চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগ নেতারা এ আলটিমেটাম ঘোষণা করেন।
কুখ্যাত রাজাকার ও শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম আলীর রায়কে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের পরীক্ষাগারে গুলি বর্ষণের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
কলেজের মূল ফটকের সামনের রাস্তায় অনুষ্ঠিত দীর্ঘ মানববন্ধনে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, পাভেল ইসলাম, যুবলীগ নেতা নূর মোস্তফা, নগর ছাত্রলীগের সহসভাপতি আবু মো. আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সদস্যা মোস্তফা কামাল, কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, কামরুজ্জামান কমল, সুভাষ মল্লিক সবুজ, কামরুল হাসান মাসুদ, মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
নুরুল আজিম রনি বলেন, ছাত্রলীগ বিনা রক্তপাতে শিবিরের ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত এ ক্যাম্পাসের আনুষ্ঠানিক ছাত্ররাজনীতি শুরু করেছে। শিবিরের দমন-পীড়ন ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ ছাত্রদের সমর্থনে আদর্শিক সংগঠন হিসেবে ছাত্রলীগ নেতা-কর্মীরা কর্মসূচি পরিচালনা করছে। এতে ক্ষিপ্ত হয়ে শিবিরের ছাত্রনেতা নামধারী ক্যাডাররা রাতের অন্ধকারে একের পর এক চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। সর্বশেষ একাত্তরে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর আপিলের রায়ের আগে কলেজের রসায়ন বিভাগের ল্যাবে গুলি চালিয়েছে। যা কোনোভাবে মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, সাধারণ ছাত্রদের নিরাপত্তার স্বার্থে ৭২ ঘণ্টার মধ্যে পুলিশ ও প্রশাসনকে গুলি চালানোর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে। অন্যথায় ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে শিবিরের নেতা-কর্মী-সমর্থকদের দাঁতভাঙা জবাব দেবে।

Comments are closed.