১০ নবদম্পতির জন্য সাবেক মেয়র মহিউদ্দিনের বৌভাত আয়োজন

চট্টগ্রাম: পাথরঘাটার বান্ডেল রোডের সেবক কলোনির ১০ নবদম্পতিকে যুগলবন্দী করে দিয়ে তাদের জন্য বৌভাত আয়োজন করলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এর আগে ৬ মার্চ মহিউদ্দিন চৌধুরীর উদ্যোগে সেবক কলোনিতে তাদের বিয়ের অনুষ্ঠান হয়।

রোববার দুপুরে নগরীর চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর নিজ বাড়িতে আয়োজন করা হয় এ বৌভাত অনুষ্ঠানের। বাড়ির তিন তলায় নব দম্পতিদের জন্য মঞ্চ নির্মাণ করা হয়।

আয়োজনের অংশ হিসেবে ১০ নববধূর জন্য ১০টি শাড়ি উপহার পাঠিয়ে দেন মহিউদ্দিন চৌধুরী।  এ অনুষ্ঠানে নবদম্পতিদের আত্মীয়-স্বজনদেরও আমন্ত্রণ করা হয়। দোতলা বাসে করে সেবক কলোনি থেকে আড়াইশ লোককে বৌভাত অনুষ্ঠানে নিয়ে আসা হয়।

অনুষ্ঠানে একে একে দম্পতিদের মাথায় পরম মমতায় হাত বুলিয়ে আশীর্বাদ করেন তিনি। এসময় দম্পতিরাও মহিউদ্দিন চৌধুরীকে পা ছুঁয়ে সালাম করে তার আশীর্বাদ নেন। পরে নব দম্পতিদের নিয়ে যান খাওয়ার টেবিলে। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন দম্পতিদের সঙ্গে খাওয়ার টেবিলে বসেন। দম্পতিদের মাঝে নিজ হাতে খাসি, মুরগীসহ নানা পদের খাবার পরিবেশন করেন তিনি।

এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি নিজে উদ্যোগ নিয়ে ঘটা করে তাদের বিয়ে দিয়েছি। বৌভাতও অনুষ্ঠিত হলো। আমি মেয়র থাকাকালীন সমাজের অবহেলিত ও বঞ্চিত এ সম্প্রদায়কে মর্যাদা দিয়ে সেবক নাম দিয়েছি। আমি তাদের আপন করে নিয়েছি। এসব সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমি সমাজে তাদের প্রতিষ্ঠা করতে চাই।

এভাবে সমাজে অস্পৃশ্য, অবহেলিত, বঞ্চিত এ দুঃখী মানুষগুলোকে পরম মমতায় বুকে আগলে রেখে সবার জন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ‘জনদরদী নেতা’ এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

এ বিভাগের আরও খবর

Comments are closed.