জ্ঞান গবেষণায় নিবেদিত হওয়ার আহবান চবি উপাচার্যের

চট্টগ্রাম: গতানুগতিক পাঠদান কার্যক্রমের বাইরে এসে শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি জ্ঞান গবেষণায় নিবেদিত হওয়ার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

সোমবার চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) পরিচালিত হেকেপ’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘সেলফ অ্যাসেসমেন্ট রিপোর্ট রাইটিং’ শীর্ষক কর্মশালায় এ আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধুমাত্র গতানুগতিক পঠন-পাঠন নয়, শিক্ষার্থীদের আলোকিত ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তুলতে শিক্ষক-গবেষকদের জ্ঞান গবেষণায় নিবেদিত হতে হবে। নিজেদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়াতে আরও দায়িত্বশীল হতে হবে।

বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইউজিসি কর্তৃক পরিচালিত হেকেপ প্রজেক্টসমূহের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের উচ্চ শিক্ষা ও গবেষণা আধুনিকায়ন এবং গুণগত পরিবর্তনের লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় অধিকারী ও অধ্যাপক ড. মো. আবুল কাসেম।

চবি ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সুকান্ত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মঞ্জুরুল আলম।

এ বিভাগের আরও খবর

Comments are closed.