ঢাকা :মজার ব্যাপার হচ্ছে- একটি জায়গায় ভাগ্যদেবতা বারবারই বাম হচ্ছেন মাশরাফির জন্য। ঘূর্ণায়মান কয়েন কিছুতেই যেন লাল-সবুজের পক্ষে কথা বলতে চাইছে না। এশিয়া কাপ থেকে শুরু করে বিশ্বকাপের বাছাই পর্ব এমনকি মূল পর্বের প্রথম ম্যাচেও টস জেতা হয়নি টাইগার দলপতির। ফলে এই নিয়ে টানা ৬ ম্যাচে টসে হারলো বাংলাদেশ।
বুধবার (১৬ মার্চ) কলকাতায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং পেলো সাকিব-মুশফিকরা।
এর আগে এশিয়া কাপে গ্রুপপর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস হেরেছিলেন মাশরাফি। এশিয়া কাপের বৃষ্টিবিঘ্নিত ফাইনালেও ভারতের বিপক্ষে সেই একই চিত্র। টি ২০ বিশ্বকাপেও টস হেরেই চলেছেন নড়াইল এক্সপ্রেস। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে টসে হার দিয়ে শুরু। বৃষ্টিবিঘ্নিত পরের দুই ম্যাচেও আয়ারল্যান্ড ও ওমানের বিপক্ষে টস জেতা হয়নি টাইগারদের।
অবশ্য টস জেতাই যে ম্যাচ জেতা নয়, গত ছয়টি ম্যাচ তারই সাক্ষ্য বহন করছে। এশিয়া কাপে টসে হেরেও পাকিস্তানের বিপক্ষে জয়। ফাইনালে ভারতকে হারতে না পারলেও ধর্মশালায় বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে টস হেরেও তিনটিতেই জয় তুলে নিয়েছে বাংলার ব্যঘ্রগোষ্ঠী।
অতএব আজ পাকিস্তানের বিপক্ষে টস হারলেও শেষ হাসিটা যে মাশরাফির মুখেই শোভা পেতে পারে তাতে খুব বেশি সংশয়ের কিছু নেই।
প্রথম ওভারেই ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। পেসার তাসকিনের দ্রুত গতির বলটি মোকাবিলা করতে গিয়ে কিছুটা অপ্রস্তুতভাবেই বলটিকে শুন্যে ভাসিয়ে দিয়েছিলেন আহমেদ শেহজাদ। কিন্তু অল্পে রক্ষা পেলেন তিনি।
মিড অফে দাঁড়িয়ে থাকা তামিম কিঞ্চিতের জন্য বলটিকে তালুবন্দি করতে পারলেন না। অবশ্য অনেকটাই দুরুহ ছিল। বলটিতে তামিমের মাথার উপর দিয়ে তার পেছনে গিয়ে পড়ল।
তবে ক্যাচটি নিতে পারলে প্রথম ওভারেই চাপে পড়ে যেত পাকিস্তান। সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। বরং বলা চলে- সুযোগ প্রাপ্তির শুরু হয়েছে কেবল। পুরো ইনিংসটি যদি টাইগাররা ভালোভাবে বোলিং-ফিল্ডিং কম্বিনেশন করতে পারে তাহলে কম রানে পাকিদের বেঁধে ফেলা সম্ভব। তাতে জয়েরও একটি সুন্দর সুযোগ চলে আসতে পারে।

Comments are closed.