ঢাকা : জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধী দায়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন আজ।
তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন জানান, আমাদের প্রস্তুতি নেয়া হয়েছে। নিয়ম অনুযায়ী রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ দেয়া হয় আসামিকে। সে হিসেবে ৩১ মার্চ পর্যন্ত সময় থাকলেও তার আগেই এ আবেদন জমা দেয়া হচ্ছে বলে জানান নিজামীর ছেলে।
স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখেন সর্বোচ্চ আদালত।
আপিল বিভাগ ১৫ মার্চ নিজামীর আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ওইদিনই আসামির মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারিক আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে লালশালুতে মোড়ানো সেই মৃত্যু পরোয়ানা পরদিন সকালে কাশিমপুরে পৌঁছালে নিজামীকে তা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
পরে নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা দুই দফা কাশিমপুর কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে দেখা করেন। ওই সাক্ষাতে নিজামীই রিভিউ চাওয়ার নির্দেশনা দেন বলে তার আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছিলেন।

Comments are closed.