ঢাকা : জাতীয় পার্টির জাতীয় সম্মেলন আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে দলীয় ডেলিগেটদের সমস্যা হতে পারে এমন আশঙ্কায় সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।
আগামী ১৪ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলনের জন্য অনুমতি ও বরাদ্দ পাওয়া গেছে বলে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের গতকাল জানান। একই সঙ্গে অনুমতি পাওয়া গেছে সোহরাওয়ার্দী উদ্যানও। জিএম কাদের বলেন, বিএনপির মতো জাপাও এ মাঠে সমাবেশ করার জন্য বরাদ্দ পেয়েছে।
এর আগে ১৬ এপ্রিল সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও সারাদেশে ইউনিয়ন নির্বাচন ও ভেন্যু বরাদ্দ ও পার্টির মধ্যে বিভাজনের কারণে এ সম্মেলন পেছানো হতে পারে বলে ধারণা করছিলেন দলটির শীর্ষ নেতাসহ তৃণমূল কর্মীরা। অন্যদিকে এ সম্মেলনকে ঘিরে এরশাদ ও রওশনপন্থি নেতারা সাম্প্রতিক সময়ে দু’দিকে অবস্থান নিয়েছেন।
দলটির একাধিক সূত্র জানিয়েছিল, এরশাদপন্থিরা সম্মেলনের জন্য ভেন্যু নাও পেতে পারেন এমন ধারণা ছিল রওশনপন্থি নেতাদের। কিন্তু গতকাল রাতে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের সম্মেলনের ভেন্যু বরাদ্দের বিষয়টি ঘোষণা করার পর বিরোধীদলীয় নেতা ও জাপার সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশনপন্থি দু’এমপির কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তারা বলেন, আমাদের কিছু বলার নেই।

Comments are closed.