চট্টগ্রাম অফিস : গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর ২০৫ ভরি সোনা লুটের ঘটনায় গ্রেফতার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মেজবাহকে আবারো রিমান্ডে দিয়েছে আদালত।
গত মঙ্গলবার মামলার সিআইডি তদন্ত কর্মকর্তার আবেদনে পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, ২০৫ ভরি সোনা লুটের ঘটনায় দায়ের হওয়া মামলাটি সিআইডি তদন্ত করছে। এ ঘটনায় গ্রেফতার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পাহাড়তলী রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ মেজবাহকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৯ ফেরুয়ারি সকাল সাড়ে ৭টায় পাহাড়তলী স্টেশনের প্লাটফর্মে দাড়িয়ে ছিল দুই ব্যবসায়ী। এসময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুইজন সদস্য তাদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ২০৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে তাদের পাহাড়তলী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ফাঁড়ি ইনচার্জ মেজবাহর কাছে নিয়ে যায়। সেখানে তাদের বসতে বলে ওই দুই সদস্য পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওইদিন বিকালে মেজবাহকে আটক করে পুলিশ। পরদিন সোনা লুটের ঘটনায় মেজবাহকে প্রধান আসামি করে জিআরপি থানায় মামলাটি দায়ের করেন হাজারী গলি ঝুমুর মার্কেটের বিশ্বকর্মা বুলিয়ন দোকানের কর্মচারী পলাশ নন্দী। এতে মেজবাহ ছাড়াও দু’জনকে আসামি করা হয়েছে।

Comments are closed.