যশোর প্রতিনিধি : দ্বিতীয় ধাপের ইউনিয়ন নির্বাচনের আগের রাতে যশোরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে দুইজন মারা গেছেন।
বুধবার রাত ১০ টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা আন্দোলপোতা মাঠে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ১৫ ইউনিয়নের নির্বাচনে ত্রাস সৃষ্টির জন্য সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কাঠামারা গ্রামের রমজান আলীর ছেলে ইবাদুল ইসলাম (৩৮), একই গ্রামের আনার উদ্দিনের ছেলে সবুজ (২৯), আন্দোলনপোতা গ্রামের বাদশা মোল্যার ছেলে গোলাম মোস্তাফা (৩০), একই গ্রামের আলাউদ্দিনের ছেলে রুবেল হোসেন (২১) এবং রাকির হোসেন বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন।
এক পর্যায়ে বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে তাদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লড জানান, আহতদের মধ্যে ইবাদুল রাত সাড়ে ১২টার দিকে ও সবুজ রাত আড়াইটার দিকে মারা যান।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, ওই পাঁচ ব্যক্তি বোমা তৈরি করছিলেন। নিজেদের তৈরি বোমা বিস্ফোরণেই তারা হতাহত হয়েছেন। ওসি বলেন, আহতের আটক দেখানো হয়েছে। তবে এটা নির্বাচন সংক্রান্ত কিনা তা পুলিশ এখনও নিশ্চিত না।
এদিকে, এক আহতের স্বজন আন্দোলনপোতা গ্রামের হাশেম আলীর ছেলে শামিম আহম্মেদ হাসপাতালে সাংবাদিকদের জানিয়েছেন, তাদের ওপর বোমা হামলা হয়েছে।

Comments are closed.