ঢাকা : জাতীয় সংসদ ভবনের মূল নকশা সংগ্রহ করতে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে তাদের যাওয়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। আর নকশা সংগ্রহ করতে ৬ সপ্তাহ সময় লাগবে বলে আশা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের ৮ হাজার নকশা রয়েছে বলে স্থাপত্য অধিদপ্তরকে জানানো হয়েছে। তার মধ্যে থেকে জাতীয় সংসদসহ আগারগাঁও এলাকার সকল নকশা যাচাই-বাছাই করা হয়েছে। দেশের জন্য ৮৫৩টি নকশা সংগ্রহের প্রয়োজনীয়তা রয়েছে। ওই নকশাগুলো সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি নকশার জন্য ১৯ ডলার খরচ হবে। ইতোমধ্যে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে।
এ বিষয়ে প্রধান স্থপতি কাজী গোলাম নাসির জানান, নকশা সংগ্রহের বিষয়ে স্পিকার ও মন্ত্রী ইতিবাচক সিদ্ধান্ত দিয়েছেন। মন্ত্রণালয় প্রতিনিধি দলের নাম চূড়ান্ত করবে। এরপর তাদেরকে যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।
বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া ইউনির্ভাসিটি থেকে সার্চ করতে ৩ হাজার ৫৫০ মার্কিন ডলার ব্যয় করতে হয়েছে। সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে সেখানে ৮ হাজার নকশা এবং ডকুমেন্ট আছে। এর মধ্যে ৮৫৩টি নকশা প্রয়োজন বলে তারা স্থাপত্য অধিদপ্তরকে জানিয়েছে। সেগুলো সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।

Comments are closed.