আন্তর্জাতিক : কলকাতায় নির্মাণাধীন উড়ালসড়ক ধসের ঘটনায় হতাহত ব্যক্তি ও তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কংগ্রেসের কেন্দ্রীয় সহসভাপতি রাহুল গান্ধী।
আজ শনিবার তিনি বড়বাজারের বিবেকানন্দ উড়ালসড়ক ধসে পড়ার স্থল ও আহতদের ব্যক্তিদের দেখতে কলকাতায় আসেন।
তিনি বলেন, তিনি এখানে রাজনৈতিক কথা বলতে আসেননি। তিনি এসেছেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে আর আহতদের সঙ্গে দেখা করতে এবং কথা বলতে। উড়ালসড়ক দুর্ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত।’
আজ সকাল সাড়ে ১০টার দিকে কলকাতা বিমানবন্দর থেকে তিনি সোজা চলে আসেন দুর্ঘটনাস্থলে। এ সময় তিনি সেখানে থাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা কমিটির সদস্য, পুলিশ এবং উদ্ধারকাজে নিয়োজিত বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। উদ্ধার তৎপরতার খোঁজ খবর নেন। এখনো ধ্বংসস্তূপের মধ্যে আরও কেউ আটকে আছেন কি না জানতে চান।
এরপর তিনি ছুটে যান কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখতে। সেখানে তিনি তাঁদের ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমি আহতদের সঙ্গে কথা বলতে এসেছি। রাজনৈতিক কথা বলতে আসিনি। এখন রাজনীতির কথাও বলতে চাই না। এই ঘটনা ভয়াবহ। দুঃখজনক। এই ঘটনার কথা শুনে আমি ছুটে এসেছি এখানে। কথা বলেছি আহতদের পরিবার পরিজনদের সঙ্গে।’
আহতদের ব্যক্তিদের তিনি বলেন, ‘আপনাদের পাশে আছি। পাশে থাকব।’
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিতে বর্ধমান ও বাঁকুড়ার দিকে রওনা হন।

Comments are closed.