ঢাকা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর করা আবেদনের শুনানি, এক সপ্তাহের জন্য মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ নিজামীর সময় আবেদনের পরিপেক্ষিতে এ আদেশ দেন।
আদালতে নিজমীর পক্ষে ৬ সপ্তাহের সময় আবেদন করেন তার আইনজীবীরা। বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ৩০ মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার শুনানির দিন নির্ধারণের জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
গত ২৯ মার্চ ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন নিজামী। ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে ৪৬টি যুক্তি দেখানো হয়েছে। রিভিউ আবেদন করার জন্য নির্ধারিত ১৫ দিন সময় শেষ হওয়ার আগেই মঙ্গলবার সকালে নিজামীর পক্ষে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন নিজামী। গত ৬ জানুয়ারি বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উসকানিদাতাসহ মানবতাবিরোধী তিনটি অপরাধের দায়ে নিজামীর ফাঁসির রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

Comments are closed.