এইচএসসি পরীক্ষা শুরু আজ

সিটিনিউজবিডি : সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। একটানা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের ৮ হাজার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ এবং ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি।

সারাদেশের ২ হাজার ৪৫২টি এবং বিদেশের ৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম বা ভোকেশনাল) এবং ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) পরীক্ষা।

প্রথমদিনে বাংলা আবশ্যিক ১ম পত্র, সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র এবং কুরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়।

২০১৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান। সকাল বেলার পরীক্ষার ক্ষেত্রে প্রথমে বহুনির্বাচনী- ১০টায় শুরু হয়ে ১০টা ৪০ মিনিটে শেষ হবে। ১০ মিনিট বিরতি দিয়ে ১০টা ৫০ মিনিট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে।

বিকেলের পরীক্ষার ক্ষেত্রে ২টা থেকে ২টা ৪০মিনিট পর্যন্ত বহুনির্বাচনী, ১০মিনিট বিরতি দিয়ে ২টা ৫০ মিনিট থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। শুধুমাত্র ট্রেডিশনাল (যেসব বিষয়ে বহুনির্বাচনী পরীক্ষা নেই) বিষয়ের পরীক্ষা সকালের ক্ষেত্রে ১০টায়, বিকেলের ক্ষেত্রে ২টায় শুরু হবে।

দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী, যাদের হাত নেই- এসব শারীরিকভাবে পরনির্ভরশীল পরীক্ষার্থীদের জন্য শ্রুতি লেখক এবং শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০মিনিট সময় বৃদ্ধি থাকছে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের (অটিস্টিক, ডাউন সিনড্রোম বা সেরিব্রাল পালসি জনিত) সঙ্গে পরীক্ষা কক্ষে অভিভাবক, শিক্ষক বা সাহায্যকারী অংশ নিতে পারবে। তাদের জন্য অতিরিক্ত ৩০মিনিট সময় বরাদ্ধ রাখা হয়েছে।

বিদেশের ৭টি কেন্দ্রে পরীক্ষার্থী ২৬২ জন। ১২৪ জন ছাত্র। ১৩৮ জন ছাত্রী।

গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ সব তথ্য জানান।

এসময় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেছেন, ২০১৬ সালের এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল বা বিএম ও ডিআইবিএস পরীক্ষা-পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সবার নিকট আনন্দ দায়ক ও উৎসবমুখর হবে। সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এইচএসসি, আলিম, এইচএসসি ভোকেশনাল বা বিএম ও ডিআইবিএস পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে আপনাদের সহযোহিতা কামনা করছি।

তত্ত্বীয় পরীক্ষা আগামীকাল রোববার (৩এপ্রিল) শুরু হয়ে ৯ জুন (বৃহস্পতিবার) শেষ হবে। ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.