বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া অর্থের আট লাখ ডলার ফেরত

সিটিনিউজবিডি :    ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের আরও আট লাখ ডলার ফেরত দিয়েছেন ।  আজ সোমবার তিনি ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে (এএমএলসি) আট লাখ ২৮ হাজার ৩৯২ ডলার ফেরত দেন। এর আগে প্রথম দফায় আলোচিত এই ক্যাসিনো ব্যবসায়ী ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সন্দেহভাজন মূল হোতা ব্যবসায়ী কিম ওয়ং ফিলিপাইনের সিনেট শুনানিতে হাজির হয়ে ওই অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন। আগামীকাল মঙ্গলবারও এ বিষয়ে শুনানি হবে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এর মধ্যে ফিলিপাইনে যায় ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার। বাকি দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া অর্থ বাংলাদেশকে ফেরত দেওয়া হয়েছে। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত উদ্ধার হলো সাড়ে ৫৪ লাখ ডলার।

এই অর্থ ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন এএমএলসির নির্বাহী পরিচালক জুলিয়া বাকে-আবেদ, ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও এএমএলসির সদস্য ইমানুয়েল এফ দুক।

অর্থ চুরির ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফিলিপাইনের সিনেট। সিনেটের ব্লু রিবন কমিটির শুনানিতে কিম ওয়ং প্রথম দাবি করেছিলেন, সোলেয়া ক্যাসিনো রিসোর্টস হোটেলের হিসাবে ৪৬ লাখ ৩০ হাজার ডলার আছে। তিনি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ওই অর্থ ফেরত দিতে চান। তবে শুনানিতে কিম এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছিলেন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন, এমন দুই সন্দেহভাজনের নাম উল্লেখ করেন কিম ওয়ং। তাঁরা হলেন গাও সু হুয়া ও দিং ঝিজে। তিনি বলেন, বাংলাদেশের পাচার হওয়া টাকা ক্যাসিনোতে ওই দুজন নিয়ে এসেছিলেন।

ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক কিম। হংকংভিত্তিক কোম্পানিটি ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত। অভিযোগ রয়েছে, চুরি হওয়া অর্থের মধ্যে ২১.৫৭৫ মিলিয়ন ডলার ওই কোম্পানির ক্যাসিনোতে গেছে।

অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে রিজাল ব্যাংকের জুপিটার মাকাতি শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতোর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে ওই প্রতিষ্ঠান থেকে বরখাস্তও করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ভুয়া অ্যাকাউন্ট খুলতে সহায়তা করেছেন এবং এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ চুরির ঘটনা ঘটেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁকে সিনেট শুনানির মুখোমুখি হতে হয়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.