কাট্টলী চসিক বালিকা বিদ্যালয় ও কলেজের পুরস্কার বিতরণে সিটি মেয়র

 চট্টগ্রাম :  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে সিটি কর্পোরেশন ভবন নির্মাণ সহ যেকোন ঝুঁকি নিতে প্রস্তুত। এ প্রসঙ্গে তিনি বলেন, মান ও গুনগত শিক্ষা, শতভাগ পাশের হার নিশ্চিত করতে হবে। মেয়র বলেন, আগামী’র কর্ণধার বর্তমান শিক্ষার্থীদেরকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে। শিক্ষার পেছনে কেবল সিটি কর্পোরেশন নয় গোটা জাতির অবদান রয়েছে। জনাব আ জ ম নাছির উদ্দীন বলেন, শিক্ষাবান্ধব সরকার শিক্ষার জন্য বিনামূল্যে বই, উপবৃত্তি এবং অবৈতনিক শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা বিগত কোন সরকার করে নাই।

তিনি নীতি-নৈতিকতায় আলোকিত মানুষ হয়ে ধারনকৃত আলো ছড়িয়ে দেশকে উন্নত দেশে পরিনত করার আহবান জানান। মেয়র তার ভিশন ক্লিন ও গ্রিন সিটি বিনির্মাণে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা প্রত্যাশা করেন। ৪ এপ্রিল ২০১৬ খ্রি. সোমবার, সকালে কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক ডিউক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, সংরক্ষিত ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ। আলোচনা করেন আকবর শাহ থানা আওয়ামীলীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান চৌধুরী।

মঞ্চে স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগ ও সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিবরনী সহ স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আবুল কাশেম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির বিবি আয়েশা এবং নবম শ্রেণির নাদিয়া আক্তার নরীন। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। প্রধান অতিথি ও অতিথিদের ক্রেস্ট প্রদান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.