আর্সেনিকে মারা যাচ্ছে বছরে ৪৩ হাজার মানুষ

ঢাকা : বাংলাদেশে আর্সেনিকে আক্রান্ত হয়ে ৪৩ হাজার মানুষ প্রতিবছর মারাযায়।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

‘স্বজনপ্রীতি এবং অবহেলা: বাংলাদেশের গ্রামাঞ্চলের খাবার পানিতে আর্সেনিক প্রতিরোধে ব্যর্থ প্রচেষ্টা’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আরো জানানো হয়, আর্সেনিক সমস্যা ছাড়াও আরো কয়েক কোটি মানুষ ক্যান্সার, ত্বকের ক্ষয়, হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছে বলেও জানানো হয়।

সরকারি হিসাব মতে, ২০০০-০৩ সালের মধ্যে গ্রামগুলোতে ৫ লাখের মত নলকূপে আর্সেনিক পরীক্ষা চালানো হয়েছিল। তখন আর্সেনিক মুক্ত নলকুপগুলোকে সবুজ ও আর্সেনিকযুক্তগুলোকে লাল রং দেয়া হয়েছিল। ২০০৩ সালের আগে বাংলাদেশের ২ কোটির মত মানুষ আর্সেনিক মেশানো পানি পান করতো। কিন্তু সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে, এখনো বাংলাদেশের ২ কোটি মানুষ অনিরাপদ বা আর্সেনিকযুক্ত পানি পান করছে।

এ বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এইচআরডব্লিও’র গবেষক রিচার্ড পেয়ার্সহাউস মনে করেন, ‘গ্রামাঞ্চলের লাখ লাখ মানুষকে আর্সেনিক মেশানো পানি পান থেকে বিরত রাখতে বাংলাদেশ সরকার কোনো মৌলিক ও কার্যকরী পদক্ষেপ নেয়নি। যদিও সরকার এমন ভাব করছে যেন তারা এই সঙ্কটের সিংহভাগই সমাধান করে ফেলেছেন। কিন্তু এই সমস্যার সমাধানে সরকার যদি তৎপর না হয় এবং আন্তর্জাতিক দাতারা যদি এতে সহায়তা করতে ব্যর্থ হয় তবে দেশটির লাখ লাখ মানুষ আর্সেনিক সংক্রান্ত রোগে মারা যাবে।’

বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়া ব্যাপক আর্সেনিক সঙ্কট মোকাবেলা করছে। বিজ্ঞানীদের ধারণা, হাজার হাজার বছর আগে হিমালয়ের আর্সেনিক সমৃদ্ধ শিলাগুলো গলে প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ায় নিম্নাঞ্চল সঞ্চিত হয়েছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.