ঢাকা : তেলের দাম যদি এক টাকা কমে, তাহলে গণপরিবহনের ভাড়া ১ পয়সা কমবে। এভাবে প্রতি লিটারে তেলের দাম যত টাকা কমবে, প্রতি কিলোমিটারে ভাড়াও তত পয়সা কমবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওস্থ এলেনবাড়ি’র বিআরটিএ কার্যালয়ে ‘পরিবহন বিষয়ক সমস্যাদি নিয়ে বিআরটিএ’র সদর দপ্তর, মিরপুর, ইকুরিয়া এবং উত্তরা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘তেলের দাম কমানোর আভাস দিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। প্রজ্ঞাপন জারি হলে গণপরিবহনের ভাড়াও কমানো হবে। দাম কমার উদাহরণ এদেশে নেই। প্রাইজ কমলে তখন বসতে হবে।’
অনুষ্ঠানে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘জ্বালানি তেল বিশেষ করে ডিজেলের মূল্য ধাপে ধাপে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহানগরীর বেশিরভাগ যানবাহন সিএনজি চালিত। নিয়ম অনুযায়ী জ্বালানির মূল্য ১ টাকা হ্রাস-বৃদ্ধি হলে ভাড়া হ্রাস বৃদ্ধি হয় ১ পয়সা প্রতি কিলোমিটারে।’
আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে ১০ টাকা কমানো হবে। তিনি আশা করছেন, তেলের দাম কমলে যানবাহনে ভাড়া কমে আসবে। এর সুফল জনগণ পাবেন।

Comments are closed.